এক ‘পিচ্চি রাজা’ পালানোয় বরখাস্ত ৫ পুলিশ, তদন্তে ৩

রাজা ওরফে পিচ্চি রাজা
ঢাকার আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে সুকৌশলে পালিয়েছিলেন ২৫ মামলার আসামি রাজা, যিনি পিচ্চি রাজা নামেই পরিচিত। সে জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে পাঁচ পুলিশ সদস্যকে। কীভাবে এমন ঘটনা ঘটল, তার তদন্তে গঠিত হয়েছে তিন সদস্যের একটি কমিটি।
গতকাল রবিবার পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার পর আজ সোমবার গাজীপুর মহানগর পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, দায়িত্বে অবহেলার কারণে পাঁচজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পিচ্চি রাজা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত। গত ১৯ মে বিদেশ থেকে েদশে ফেরার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালকের নেপাল থেকে দেশে ফেরর খবর পেয়ে পুলিশ বিমানবন্দরে অবস্থান নিয়েছিল। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় ধরা হয়েছিল তাকে।
তখন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানিয়েছিলেন, রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ প্রায় ২৫টি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর রাজাকে রাখা হয়েছিল গাজীপুরের কাশিমপুর কারাগারে। সেখান থেকে বিভিন্ন মামলায় হাজিরা দিতে তাকে নেওয়া হতো ঢাকার আদালতে।
গতকালও তাকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজিরা করা হয়েছিল। এরপর প্রিজনভ্যানে কাশিমপুরে ফিরিয়ে নেওয়ার পথে। রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার নাওজোড় এলাকা থেকে পালিয়ে যান।
পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রিজন ভ্যানটি নাওজোড় এলাকায় পৌঁছালে রাজা শৌচাগারে যাওয়ার কথা বলেন। তখন
দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা একটি পুলিশ ফাঁড়ির পাশের শৌচাগারে নিয়ে গিয়েছিলেন তাকে। সেখান থেকে তিনি পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান।
আজ সোমবার দুপুর অবধি তার কোনো খোঁজ পাওয়া যায়নি।




