দেশ গঠনই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ: বাণিজ্যমন্ত্রী

তোপখানায় সিলেট মহানগর বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী ন্দকার আব্দুল মুক্তাদির
উদযাপনের চেয়ে দেশ গঠন এবং জনগণের প্রত্যাশা পূরণই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানিসহ লজিস্টিক সংকট দূর করা, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি খাত সম্প্রসারণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গতি সঞ্চার করাই এখন মূল লক্ষ্য।
আজ মঙ্গলবার সিলেট নগরীর তোপখানায় সিলেট মহানগর বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
বাণিজ্যমন্ত্রী জানালেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির যাত্রা শুরু হয়। এরপর বিভিন্ন সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে দলটি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। বর্তমানে দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে নানা প্রতিকূলতার মধ্যেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নেওয়ার কাজ চলছে।
তিনি আরও জানালেন, শুধু রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করলেই হবে না, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও দলের নেতাকর্মীদের কার্যকর ভূমিকা রাখতে হবে। দেশের উন্নয়ন ও অর্থনীতিকে এগিয়ে নিতে বিদ্যুৎ, জ্বালানি ও লজিস্টিক খাতের বিদ্যমান সংকট দূর করার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।
দেশের শিল্প ও বাণিজ্য পরিস্থিতি তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেছেন, শিল্প উৎপাদনের জন্য বাংলাদেশকে বিপুল পরিমাণ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। চাল ও কিছু কৃষিপণ্যে দেশ স্বয়ংসম্পূর্ণ হলেও প্রতিবছর ৬০-৭০ লাখ টন গমসহ বিভিন্ন ভোগ্যপণ্য আমদানি করতে হয়।
তিনি জানালেন, আন্তর্জাতিক দ্বিপক্ষীয় বাণিজ্যের ঘাটতি এক দিনে পূরণ করা সম্ভব নয়। তবে বাণিজ্যের মোট পরিমাণ বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি খাত সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতিতে ইতিবাচক গতি আনা সম্ভব। এ লক্ষ্যে সিলেটে নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে বলেও জানালেন তিনি।
দলের সাংগঠনিক কর্মকাণ্ড প্রসঙ্গে মুক্তাদির বলেছেন, বিএনপি নির্দিষ্ট পরিকল্পনা ও কৌশলের ভিত্তিতে নেতাদের বিভিন্ন দায়িত্ব দিয়ে থাকে। দায়িত্ব বণ্টনের এ প্রক্রিয়াকে সমন্বয়হীনতা হিসেবে দেখার সুযোগ নেই। দলের শক্তি ও কৌশলকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে যাচাই করে নতুন উদ্যম সৃষ্টি করাই এর উদ্দেশ্য।
তিনি নেতাকর্মীদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির প্রতিটি নেতাকর্মীর মূল অঙ্গীকার হওয়া উচিত।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ফিতা কেটে সিলেট মহানগর বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম।








