মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক

মাগুরা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান ভবনের পাশ থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার। ছবি: আগামীর সময়
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান ভবনের পাশ থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা বস্তুটি দেখতে পেয়ে কলেজ কর্তৃপক্ষকে জানান। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কলেজের অধ্যক্ষ ড. মো. আলফাজ উদ্দিন জানিয়েছেন, ডিগ্রি পরীক্ষার টেস্ট চলাকালে কলেজের ৫ নম্বর ভবনের বাইরে লাল টেপে মোড়ানো একটি বস্তু পড়ে থাকার খবর পান তিনি। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। তবে এ ঘটনার মধ্যেও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির আশপাশের এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করে। বস্তুটিতে লাল টেপ, ব্যাটারি ও স্প্রিং লাগানো রয়েছে। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে এটি বোমাসদৃশ মনে হলেও পরীক্ষা-নিরীক্ষার আগে প্রকৃতিতে কী, তা নিশ্চিত হওয়া যায়নি।
কে বা কারা বস্তুটি কলেজ ক্যাম্পাসে রেখে গেছে, তা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু বক্কার জানিয়েছেন, বস্তুটি কে বা কারা রেখে গেছে, তা জানতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।




