ক্রিকেট মাঠে গরুর হাট, খুদে খেলোয়াড়দের প্রতিবাদ

ছবি: আগামীর সময়
ফেনী পৌরসভার উদ্যোগে ক্রিকেট চর্চার একটি মাঠ গরুর হাটের জন্য ইজারা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন খুদে খেলোয়াড়রা। বুধবার বিকেলে খেলতে এসে মাঠে বাঁশ গেড়ে রাখার দৃশ্য দেখে তারা প্রতিবাদ জানায় এবং হাট বাতিলের দাবি তোলে।
খেলোয়াড়রা ও স্থানীয় সূত্র বলছে, কয়েক বছর আগে কয়েকজন ক্রীড়া সংগঠকের উদ্যোগে ফেনী শহরের আরামবাগ এলাকায় মরহুম মাহবুব উল হক পেয়ারা সুইমিং পুলের সামনের মাঠটি ক্রিকেট চর্চার উপযোগী করে গড়ে তোলা হয়। গাজীপুর থেকে ঘাস এনে মাঠে লাগানো হয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহায়তায় সেখানে বসানো হয় টার্ফ। জাতীয় দলের ক্রিকেটার সাইফুদ্দিনসহ অনেকেই মাঠ উন্নয়নে সহযোগিতা করেন।
গত দুই বছর ধরে মাঠটিতে শিশু-কিশোররা নিয়মিত ক্রিকেট অনুশীলন করে আসছিল। তবে বুধবার বিকেলে খেলতে এসে মাঠে গরুর হাটের প্রস্তুতি দেখে হতবাক হয়ে পড়ে তারা। তাদের একজন খুদে খেলোয়াড় নুবাইদ।
জেলা ক্রিকেট কোচ ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব ফেনীর সভাপতি রিয়াজ উদ্দিন রবিন মন্তব্য করেন, অনেকের সহযোগিতায় মাঠটি গড়ে তোলা হয়েছে। এটি এভাবে নষ্ট করা অত্যন্ত দুঃখজনক।
ক্রীড়া সংগঠক ইমন উল হক দাবি করেন, মাঠটি জেলা ক্রীড়া সংস্থার অধীনে। পৌরসভার সম্পত্তি নয়। তাই এখানে গরুর হাট বসানোর কোনো যৌক্তিকতা নেই।
এ বিষয়ে ফেনী পৌরসভার প্রশাসক রোমেন শর্মা জানিয়েছেন, বিষয়টি তার জানা ছিল না। মাঠটি যদি শিশুদের নিয়মিত চর্চার জন্য ব্যবহৃত হয়ে থাকে, তাহলে প্রয়োজন হলে হাট অন্যত্র সরিয়ে নেওয়া হবে।






