পুশইনের আশঙ্কায় মাধবপুর সীমান্তে কড়া অবস্থানে বিজিবি

ছবি: আগামীর সময়
হবিগঞ্জের মাধবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর থানার ওসি সোহেল রানা, ধর্মঘর বিজিবি কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলাম, রাজেন্দ্রপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আক্তারুজ্জামান, অধ্যক্ষ মোহন মিয়া, বিএনপি নেতা ফরিদ মিয়া, ছায়েদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতি, সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বললেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত প্রশাসন ও বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়।
ধর্মঘর বিজিবি কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলাম জানান, মাধবপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফের নজরদারির মধ্যে প্রায় ৩০০ নারী-পুরুষকে জড়ো করা হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন। সুযোগ পেলেই তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি বললেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সম্ভাব্য যেকোনো পুশইন প্রতিরোধে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে সরকারের গৃহীত পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।




