ইশরাক হোসেন
জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির সম্পত্তি নয়

কথা বলছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির সম্পত্তি নয়। তাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মূল্যায়নের ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া মহানগরীর টিটু মিলনায়তনে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি একথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সম্পত্তি নয়, বরং এটি ছিল দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের গণবিস্ফোরণ। ছাত্রদের হাত ধরে শুরু হলেও পরে সব শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সাধারণ মানুষ তখন রাজপথে নেমে এসেছিলেন।
আক্ষেপ প্রকাশ করে ইশরাক হোসেন বলেছেন, এটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু সত্য যে অনেক আহত জুলাইযোদ্ধাকে শুধু বিএনপি অথবা বিএনপির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে গেজেটভুক্ত করা হয়নি। তাদের প্রাপ্য চিকিৎসাসুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এর ফলে অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের চিকিৎসা, পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের চাহিদা ও দক্ষতা অনুযায়ী পুনর্বাসনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত ১৭টি মন্ত্রণালয়ের একটি কমিটি কাজ করছে।
জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি রাজশাহী বিভাগের সভাপতি উজ্জ্বল হোসেন জোবায়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন বিদ্যুৎ ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
এ সময় তিনি বলেছেন, জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সরকারের পাশে থাকার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
জুলাই আন্দোলনের সব যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তাদের অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের জুলাই আন্দোলনের নেতারা, গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা এবং নিহত শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। আলোচনা সভাশেষে পাঁচটি শহীদ পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির বিভাগীয় সাধারণ সম্পাদক শামসুল হক ফকিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ ছাড়া অনুষ্ঠানে আরও ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবর রহমান হারেজ, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ, জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি গোলাম রহমান, ‘আমরা জুলাইযোদ্ধা’র কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম ইমন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধানসহ অন্যরা।



