সুটকেসে নারীর অর্ধগলিত মরদেহ, পাশেই মিলল বস্তাবন্দি আরেক অংশ

ঘটনাস্থলে লোকজনের ভিড়। ছবি: আগামীর সময়
গাজীপুরের জয়দেবপুরে সুটকেসের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহের কোমরের নিচের অংশ উদ্ধার করেছে পুলিশ। পরে আশপাশে তল্লাশি চালিয়ে মরদেহের অন্য অংশও বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ফকিরা গার্মেন্টস সংলগ্ন আবুল কাশেমের বহুতল ভবনের পাশে কালভার্টের নিচে সুটকেসটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন পুলিশে। পুলিশ সুটকেস খুলে নারীর অর্ধগলিত মরদেহের অংশ উদ্ধার করে। এরপর আশপাশে অনুসন্ধান চালিয়ে বস্তাবন্দি অবস্থায় অন্য অংশ উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ওসি আল মামুন জানিয়েছেন, ওই নারীর বয়স ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। লাশটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে। নিহত নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ওসি জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও ওই নারীকে হত্যা করে লাশের অংশবিশেষ সুটকেস ও বস্তায় ভরে নির্জন ওই স্থানে ফেলে রেখে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বিপুল মানুষ ভিড় করেন।




