গফরগাঁওয়ে ট্রেনের বগি লাইনচ্যুতির ৬ ঘণ্টা পর সচল রেললাইন

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ৬ ঘণ্টা পরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। সংগৃহীত ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন বন্ধ ছিল দীর্ঘক্ষণ। প্রায় ৬ ঘণ্টা পর গতকাল রবিবার রাত সোয়া ১১টার দিকে এ রুটে ট্রেন চলতে শুরু করে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে লাইন সচল হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিকাল ৫টার দিকে দক্ষিণ গফরগাঁওয়ের গোলাবাড়ি এলাকায় ঘটে দুর্ঘটনাটি।
ওসি আকতার জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবাহী মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। সেটি রেখেই ট্রেনটি মশাখালী রেলওয়ে স্টেশনে নেওয়া হয়।
এ ঘটনায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে এবং মহুয়া কমিউটার ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এ ছাড়া জামালপুর কমিউটার ট্রেন শ্রীপুরে এবং যমুনা এক্সপ্রেস রাজেন্দ্রপুরে আটকা পড়ে।



