মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরি মেরে হত্যা

নিহত গৃহবধূ শিল্পী রাণী সুশীল। সংগৃহীত ছবি
কক্সবাজারের মহেশখালীতে নিজ বাসায় শিল্পী রাণী সুশীল (৪৫) নামের এক গৃহবধূকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মা পুকুর পাড়ের পশ্চিম হিন্দু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিল্পী ওই এলাকার রবীন্দ্র লাল সুনীলের সহধর্মিণী। সুনীল একজন ব্যবসায়ী।
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে যুবকের মরদেহ, পুলিশ বলছে- বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
০৭ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যায় শিল্পী রান্না ঘরে কাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তার বাসায় প্রবেশ করে তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। এলাকাবাসী ওই গৃহবধূকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মহেশখালী থানার এসআই কাজল দাশ জানিয়েছেন, এ ঘটনার বিষয়ে জানার জন্য শিল্পীর প্রতিবেশীদের সঙ্গে কথা হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি করার উদ্দেশে দুর্বৃত্তরা ওই বাসায় ঢুকেছিলেন। রাতে ওই বাসার সামনে থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির একটি জুতা উদ্ধার করেছে পুলিশ।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।






