মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে যুবকের মরদেহ, পুলিশ বলছে- বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

নিহত মোহাম্মদ মনির
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র থেকে মোহাম্মদ মনির (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বিকাল ৩টার দিকে পুলিশ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের টাউনশিপ এলাকায় নির্মাণাধীন একটি স্কুলভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করে।
পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠায়। নিহত মনির উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকার আলি আজগরের ছেলে।
পুলিশ বলছে, বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত মনিরের পরিবারের সদস্যরা জানান, গত শনিবার রাত ১২টার দিকে মনির বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরে তার আত্মীয়-স্বজনরা বিভিন্নস্থানে খোঁজখবর নিলেও তার সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক মোহাম্মদ মোজাহেরুল ইসলাম বলেন, সোমবার দুপুরে স্কুল ভবনের নিচতলায় মনিরের মরদেহটি দেখতে পান। খবর পেয়ে তার আত্মীয়স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মনিরের পরিচয় শনাক্ত করেন।
উপপরিদর্শক মোহাম্মদ মোজাহেরুল ইসলাম বলেছেন, বেলা আড়াইটার দিকে পুলিশ নিয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যান। এ সময় লাশের পাশে বিদ্যুতের ছেঁড়া তার দেখা গেছে। এতে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মোহাম্মদ মোজাহেরুল ইসলাম বলেছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে যুবকের মৃত্যুর আসল রহস্য উদঘাটন করা যাবে।





