জামালপুর
পার্কে শিশুকে ধর্ষণচেষ্টা, প্রহরী গ্রেপ্তার

ছবি: আগামীর সময়
জামালপুরের দেওয়ানগঞ্জে তিন বছর বয়সী এক শিশুকন্যাকে পার্কের ভেতর ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল খালেক (৪৫) নামে পার্কের নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে পৌর শহরের চরকালিকাপুর এলাকায় দুর্গা বাগানবাড়ি পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাকে পাঠানো হয়েছে আদালতে।
অভিযুক্ত আব্দুল খালেক পৌর শহরের চরকালিকাপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি দুর্গা বাগানবাড়ি পার্কের নৈশপ্রহরী। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিশুর বয়স তিন বছর। গতকাল দুপুরে শিশুটি খেলার ছলে ওই পার্কে যায়। এ সময় অভিযুক্ত খালেক তাকে পার্কের রান্নাঘরে নিয়ে ধর্ষণচেষ্টা করে। শিশুটি বাসায় গিয়ে জানালে সেদিন রাতে অভিযুক্ত আব্দুল খালেকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন তার মা। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত খালেককে গ্রেপ্তার করেছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেছেন, ‘তিন বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে।’




