বেতাগীতে বৃষ্টি-ঝড়ে নুয়ে পড়েছে আমন ধান, ফলন বিপর্যয়ের শঙ্কা

অসময়ের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বেতাগীতে নুয়ে পড়েছে মাঠের আমন ধান। ছবি: আগামীর সময়
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে অসময়ের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বরগুনার বেতাগী উপজেলায় মাঠের আমন ধান নুয়ে পড়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আমনের শীষ বের হওয়ার আগমুহূর্তে এমন দুর্যোগে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
জমিতে পানি জমে থাকায় হেলে পড়া ধানগাছের শীষ পচে যাওয়া ও ধানে চিটা ধরার আশঙ্কা করছেন তারা। এতে ফলন বিপর্যয়ের পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ারও শঙ্কা আছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে বেতাগী পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নে ১০ হাজার ৮২৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ব্রি ধান-৫২, ব্রি ধান-৮৭ ও ব্রি ধান-১০৩ জাতের উচ্চফলনশীল ধানের আবাদ বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ৪৪ হাজার ৩২০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
কৃষকেরা ভালো ফলনের আশায় ছিলেন। কিন্তু ফসল ঘরে তোলার আগে টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় অনেক জমির পাকা ও আধাপাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। বিশেষ করে নিচু জমিতে বৃষ্টির পানি জমে থাকায় হেলে পড়া ধানের শীষ ভিজে পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, অসময়ের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় উপজেলার প্রায় ৫ শতাংশ আমন ধান আক্রান্ত হয়েছে। তবে কৃষকদের দাবি, মাঠের বাস্তব পরিস্থিতিতে ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।
বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের কৃষক মকবুল হোসেন বললেন, এবার তার জমিতে ধানের ফলন বেশ ভালো হয়েছিল। কিন্তু হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো বাতাসে প্রায় তিন বিঘা জমির পাকা ধান মাটিতে পড়ে গেছে। এখন জমিতে পানি জমে থাকায় ধান পচে যাওয়ার আশঙ্কা করছেন তিনি।
হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, সার, বীজ ও কীটনাশকের বাড়তি দাম সত্ত্বেও ধারদেনা করে ধানের আবাদ করেছি। এখন নুয়ে পড়া ভেজা ধান কাটতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ মজুরি লাগতে পারে। তার ওপর ধানের রং ও গুণগত মান নষ্ট হলে বাজারে ন্যায্য দাম পাওয়া নিয়েও শঙ্কায় আছি।
উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন জানিয়েছেন, বিশেষ করে বিলম্বে আবাদ করা আমন ধানের ক্ষতির আশঙ্কা বেশি। জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন এবং নুয়ে পড়া ধানগাছগুলো গোছা করে বেঁধে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে ধানের শীষ পানিতে ডুবে নষ্ট না হয়। আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে কৃষকেরা বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন।




