জয়পুরহাটে বৃষ্টিতে তলিয়ে গেছে আলু ও পাকা ধানক্ষেত

আলুক্ষেতে বৃষ্টির পানি জমেছে। ছবি: আগামীর সময়
টানা ও থেমে থেমে বৃষ্টিতে জয়পুরহাটের নিচু জমিতে রোপণ করা আগাম জাতের আলু এবং কেটে রাখা পাকা আমন ধান তলিয়ে গেছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বৃষ্টির কারণে মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কাজও ব্যাহত হচ্ছে। পাশাপাশি কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জয়পুরহাটে ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ১১৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া চলতি মৌসুমে জেলায় ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত আলু লাগানো হয়েছে ৭ হাজার ৪৪০ হেক্টর জমিতে। এর মধ্যে ১ হাজার ২৩৭ হেক্টর জমির আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। পেঁয়াজ, সরিষাসহ অন্যান্য ফসল ও শাকসবজির ১ হাজার ৫১১ হেক্টর জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষকেরা জানান, মাঠে আমন ধান কাটা শুরু হয়েছে। এরইমধ্যে প্রায় অর্ধেক ধান ঘরে তোলা হয়েছে। ধান কাটার পর ফাঁকা হওয়া জমিতে আগাম জাতের আলু রোপণ করা হয়েছে। কিন্তু বৃষ্টির পানিতে নিচু জমি ডুবে যাওয়ায় আলুর ওপর মাটি জমেছে। এতে চারা গজানোর আগেই বীজ পচে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জেলায় এবার প্রায় ৩ হাজার ৪৩০ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণের পরিকল্পনা আছে।
অন্যদিকে জমিতে কেটে রাখা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় ধান শুকানো ও মাড়াই করা যাচ্ছে না। এতে ধানের পাশাপাশি খড় নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। খড় নষ্ট হলে গোখাদ্যের সংকটও দেখা দিতে পারে। এদিকে বৃষ্টির কারণে দিনমজুরদের কাজ বন্ধ থাকায় তাদের আয় কমে গেছে। কৃষকদের আশঙ্কা, আরও এক থেকে দুই দিন বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ক্ষতি বাড়বে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাদিয়া সুলতানা জানিয়েছেন, বৃষ্টিতে কৃষকেরা বেকায়দায় পড়েছেন। কেটে রাখা পাকা ধান পানিতে তলিয়ে গেছে। আলু রোপণের ক্ষেত্রেও বৃষ্টির পানি বাধা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি থেমে গেলে আলু রোপণের সুযোগ থাকবে। তবে আরও এক থেকে দুই দিন বৃষ্টি অব্যাহত থাকলে কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন।




