মানিকগঞ্জে নাশকতার দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১

গ্রাফিকস: আগামীর সময়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, মিনিবাসে অগ্নিসংযোগ ও যান চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯৫ জনকে আসামি করা হয়েছে।
বুধবার রাতে দুটি মামলার এজাহারভুক্ত আসামি মানিক ফকিরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। তার বাড়ি উপজেলার বার্তা গ্রামে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
মামলার এজাহার সূত্র জানায়, গত ১০ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে প্রথম মামলাটি করা হয়। মামলা নম্বর ১৭। এতে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী রিয়াদ মোর্শেদ। তিনি মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য।
এ মামলায় জেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের পাঁচজন, জেলা ও উপজেলা যুবলীগের তিনজন এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্যান্য পর্যায়ের নেতাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। ৯ নভেম্বর সন্ধ্যা পৌনে সাতটার দিকে মানিকগঞ্জ শহরের দক্ষিণ সেওতায় বিজয় মেলার মাঠের উত্তর-পূর্ব পাশের সড়কে ঘটনাটি ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ১১ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে দ্বিতীয় মামলাটি করা হয়। মামলা নম্বর ১৮। এতে ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ আলী।
এ মামলায় জেলা ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ২৫ জন, যুবলীগের দুজন, আওয়ামী লীগের চারজন, স্বেচ্ছাসেবক লীগের একজন এবং শ্রমিক লীগের একজন নেতাকর্মীর নাম রয়েছে। এ ছাড়া অন্যান্য পরিচয়ের ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫-ঘ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, ১০ নভেম্বর রাত ১২টা ১৫ মিনিটে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের বাইতুল আমান জামে মসজিদের দক্ষিণ পাশের ফাঁকা জায়গায় ঘটনাটি ঘটে। বর্তমান সরকারকে উৎখাতের উদ্দেশ্যে মহাসড়কে সমবেত হয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, একটি মিনিবাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, ৯ নভেম্বর সন্ধ্যার পর মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, পুলিশ সুপারের বাসভবন ও পাটুরিয়া পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া সাটুরিয়া, শিবালয় ও সিংগাইরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের নবীন সিনেমা হলের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির প্রায় অর্ধেক পুড়ে যায়।




