অনিয়মের অভিযোগ প্রকাশের পর বদলি হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ডিজিএম

প্রকৌশলী বিনয় কুমার ঘোষ
হবিগঞ্জ গ্যাস ফিল্ডের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী বিনয় কুমার ঘোষকে তিতাস গ্যাস ফিল্ডে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যক্তিগত খামার পরিচালনায় কোম্পানির দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক ব্যবহার, গাড়ি মেরামতের নামে অর্থ উত্তোলন এবং ভুয়া বিল-ভাউচারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে দৈনিক আগামীর সময়ে সংবাদ প্রকাশের ১৪ দিন পর এ বদলির আদেশ আসে। তবে অভিযোগগুলোর তদন্তে এখনো কোনো কমিটি গঠন করা হয়নি।
গত বৃহস্পতিবার বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের এক অফিস আদেশে তাকে তিতাস গ্যাস ফিল্ডের মেইনটেন্যান্স বিভাগের উপমহাব্যবস্থাপক হিসেবে পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী, ২৯ নভেম্বর বিকালে তাকে হবিগঞ্জ গ্যাস ফিল্ড থেকে অবমুক্ত করা হবে। পরদিন ৩০ নভেম্বর সকালে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
বদলির বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ গ্যাস ফিল্ডের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আশরাফুল আলম। বিনয় কুমার ঘোষের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে কোনো কমিটি গঠন করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি জানিয়েছেন, ‘এখনো কিছু হয়নি। আগে তো বদলি করলাম। তার পর ব্যবস্থা!’
এর আগে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিনয় কুমার ঘোষ আগামীর সময়কে জানিয়েছিলেন, এসব অভিযোগ সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। সুনির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে দেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
গত ১২ নভেম্বর আগামীর সময়ের শেষ পাতায় ‘গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে চার কর্মকর্তার গাড়ি মেরামতের জন্য প্রতি মাসে ৪৮ হাজার টাকা করে উত্তোলনের অভিযোগ তুলে ধরা হয়। চার কর্মকর্তার হিসাবে ২৭ মাসে এ অর্থের পরিমাণ দাঁড়ায় ৫১ লাখ ৮৪ হাজার টাকা। তবে প্রকৃতপক্ষে কত টাকা উত্তোলন করা হয়েছে, তা নথি যাচাই করে নিশ্চিত হতে হবে।
এ ছাড়া কর্মচারীদের অভিযোগ, বিনয় কুমার ঘোষ গ্যাস ফিল্ডের ভেতরে ব্যক্তিগতভাবে ছাগল ও মুরগির খামার এবং সবজি বাগান গড়ে তুলেছিলেন। এসবের পরিচর্যায় কোম্পানির দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের ব্যবহার করা হতো এবং তাদের মজুরি দেওয়া হতো কোম্পানির তহবিল থেকে। সংবাদ প্রকাশের পর খামারের সব ছাগল, কবুতর, হাঁস ও মুরগি বিক্রি করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন কয়েকজন কর্মচারী।
অতিরিক্ত সময়ের বিল, অতিথিশালার বাজারে ব্যক্তিগত খরচ যুক্ত করা, সড়ক মেরামত এবং গাছ বিক্রিসহ বিভিন্ন খাতেও তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে।




