জীবননগর সীমান্তে ভারতীয় নাগরিকসহ ৪ জন আটক

সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার বেনীপুর গ্রামের বিত্তিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলার দেবীপুর গ্রামের কালিপদের ছেলে সুপাল সরকার (৩৫), ঝিনাইদহ জেলার নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪) এবং ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাঁকড়া গ্রামের শরিফুল মীরের ছেলে রাহুল মীর (২১)। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে আটক নারীর পরিচয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে বেনীপুর গ্রামের বিত্তিপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের জীবননগর থানায় সোপর্দ করেছে বিজিবি।



