সাজেকে অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা

ভিডিও বার্তা দিচ্ছেন কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা
রাঙামাটির সাজেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেকের কার্বারী নতুন জয় চাকমা। একই সঙ্গে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে পদত্যাগ এবং সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন তিনি।
আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় এসব ঘোষণা দেন নতুন জয় চাকমা।
এতে তিনি অভিযোগ করেন, সাজেকে চলমান অবরোধের পেছনে ইউপিডিএফের উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্র রয়েছে। তার দাবি, সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ইউপিডিএফ নিজেদের দলীয় স্বার্থে গঠন ও পরিচালনা করছে।
নতুন জয় চাকমা বলেন, ‘দীর্ঘদিন ধরে চলা অবরোধের কারণে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বাইরের এলাকার সঙ্গে স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহেও সমস্যা তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ সাজেকবাসীদের।’
বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, ইউপিডিএফের দলীয় কর্মসূচিতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে ভয়ভীতি ও মৃত্যুর হুমকি দেওয়া হতো। এমনকি তাদের ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হতো। চলমান অবরোধের ক্ষেত্রেও সাধারণ মানুষকে কর্মসূচির পক্ষে অবস্থান নিতে বাধ্য করার প্রবণতা তাকে উদ্বিগ্ন করেছে।
নতুন জয় চাকমার দাবি, সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন গঠন ও পরিচালনার দায়িত্ব ইউপিডিএফ তাকে দিয়েছিল। বিভিন্ন সময়ে তার অজ্ঞাতসারেও তার নামে বিবৃতি প্রকাশ করা হয়েছে। এসব অভিজ্ঞতা ও ব্যক্তিগত উপলব্ধি থেকেই তিনি সংগঠনটির কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং সাজেকের সাধারণ মানুষের স্বার্থেই তিনি এ অবস্থান নিয়েছেন। সাজেকবাসীর দুর্দশার অবসান এবং মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।’
উল্লেখ্য, গত ২২ অক্টোবর থেকে সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হয়। এর ফলে পর্যটনকেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম ও স্থানীয় জনজীবন ব্যাহত হয়।
অন্যদিকে, সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়েছে, সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমাকে রাঙামাটি আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে জেএসএস সন্তু গ্রুপ অপহরণ করেছে। তবে তার অপহরণের এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।



