৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন পাঁচ গ্রামের মানুষ

গ্রাফিকস: আগামীর সময়
দীর্ঘ ৪০ বছরের গ্রাম্য দ্বন্দ্ব ও সংঘাত ভুলে এক কাতারে মিলিত হয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের পাঁচ গ্রামের হাজারো মানুষ। গত মঙ্গলবার বিকালে ব্রাহ্মণডাঙ্গা দাখিল মাদ্রাসা চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় আর কোনো হানাহানি ও সংঘাতে না জড়ানোর অঙ্গীকার করেন তারা।
চর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের সমাজসেবক আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তা ও নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির শেখ। সভায় নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান নূর নবী, সাবেক ইউপি সদস্য কায়কোবাদ লস্কার, সমাজসেবক সাহিদার রহমান মোল্লা, নাজির মোল্লা, মনজুরুল ইসলাম মিলন, শামীম পারভেজ জনি ও ব্রাহ্মণডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা বলেছেন, হান্দলা, বাড়ীভাঙ্গা, কাংকুল, ব্রাহ্মণডাঙ্গা ও চর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মধ্যে আধিপত্য বিস্তার, জমিজমা, ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিশেষ করে নির্বাচন কেন্দ্র করে সংঘাতের ঘটনা বেশি ঘটত। গত ৪০ বছরে এসব বিরোধে ঘটেছে অর্ধশতাধিক সহিংসতার ঘটনা। এতে অন্তত পাঁচজন নিহত ও আহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ। ঘটেছে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও।
মতবিনিময় সভায় পাঁচ গ্রামের মানুষ ভবিষ্যতে কোনো ধরনের মারামারি, হানাহানি বা হত্যাকাণ্ডে না জড়ানোর অঙ্গীকার করেন। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে একসঙ্গে কাজ করার কথাও বলেছেন তারা।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলছেন, দীর্ঘদিনের সংঘাত ভুলে পাঁচ গ্রামের মানুষের এই ঐক্য ইতিবাচক উদ্যোগ। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও অটুট থাকবে এই সম্প্রীতির বন্ধন।







