মতলবে শিক্ষার্থীদের মিড-ডে মিলের বানরুটি ফেলা হলো পুকুরে

মতলব পৌর শহরের কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ মিড-ডে মিলের বানরুটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ছবি: আগামীর সময়
চাঁদপুরের মতলব পৌর শহরের কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ মিড-ডে মিলের বানরুটি পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।
গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের আয়া লিপি দাসকে সরকারি বানরুটিগুলো পুকুরে ফেলে দিতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় অসন্তোষ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
একাধিক অভিভাবক জানিয়েছেন, শিশুদের পুষ্টির কথা বিবেচনা করে সরকার এসব খাবার বরাদ্দ দিয়েছে। শিক্ষার্থীদের না দিয়ে সেই খাবার পুকুরে ফেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম জানিয়েছেন, রুটি বিতরণের দিন শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় কিছু বানরুটি অবশিষ্ট ছিল। পরে সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় পুকুরে ফেলে দেওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল হাই জানিয়েছেন, খবর পেয়ে তিনি বিদ্যালয়ে গিয়ে পুকুর থেকে বানরুটিগুলো উদ্ধার করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম জানিয়েছেন, বিষয়টি জানার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বিস্তারিত তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।




