বিএনপির শিকড় জনগণের মধ্যে

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বিএনপির শিকড় জনগণের মধ্যে। চোখ রাঙিয়ে বা ভয় দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না— এমনটাই মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলছিলেন, ‘বিএনপিকে একটু নাড়া দিলেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে— যারা এমন দুঃস্বপ্ন দেখছেন, তাদের জানার জন্য বলি, বিএনপির শিকড় হচ্ছে এই জনগণের মধ্যে।’
গতকাল শনিবার বেলা ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলছিলেন তিনি। ‘যারা বিএনপিকে ভয় দেখান, চোখ রাঙান বা চোখ রাঙানোর চেষ্টা করেন, তাদের বলি— গণতন্ত্রের ভাষায় কথা বলুন। বিএনপি আত্মসমর্পণ করার দল নয়। শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়া জীবনে আত্মসমর্পণ করেননি’— যোগ করলেন সমাজকল্যাণমন্ত্রী।
অন্যায়ের প্রতিবাদ করা দলের নাম বিএনপি উল্লেখ করে তার ভাষ্য, জনগণের পক্ষে কথা বলা, গণতন্ত্র রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার দল বিএনপি। দলের নেতাকর্মীদের উদ্দেশে বলছিলেন, ‘অপেক্ষা করুন, জনগণের কাছে যান। জনগণই আবার যাকে রায় দেবে, তারা দায়িত্ব নিয়ে দেশ পরিচালনার চেষ্টা করবে।’
অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে না আনার আহ্বান জানিয়ে জাহিদ হোসেন জানালেন, জনগণ এখন সচেতন এবং জনদুর্ভোগের বিরুদ্ধে কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়, তা তারা জানে। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিএনপি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়া হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম শাজীন, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামছুল ইসলাম, হাকিমপুর থানার ওসি জাকির হোসেনসহ অনেকে।







