মিয়ানমার পাচারের সময় ১৪৫০ বস্তা সিমেন্ট জব্দ

ছবি: আগামীর সময়
বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্টবোঝাই দুটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় বোট দুটিতে থাকা ২১ জনকে আটক করা হয়েছে।
আজ শনিবার বিকালে বাংলাদেশ নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ শুক্রবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে পৃথক দুটি অভিযান চালায়। অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ ও ‘এফবি নিঝু রাব্বি’ নামে দুটি ফিশিং বোট আটক করা হয়। তল্লাশির সময় ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ১০ জনসহ ৬৫০ বস্তা এবং ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ১১ জনসহ ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়। সব মিলিয়ে ২১ জনকে আটক এবং ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, নৌবাহিনী আটক ২১ জনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল রবিবার দুপুরে আদালতে পাঠানো হবে।




