প্রাইভেট কারের ড্রাইভিং সিটে স্কচটেপে পেঁচানো ইয়াবা, গ্রেপ্তার ১

মো. রুবেল। সংগৃহীত ছবি
কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকারের ভেতর থেকে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. রুবেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকাগামী একটি নীল রঙের টয়োটাতে তল্লাশি চালানো হয়। এ সময় ড্রাইভিং সিটের নিচে এবং পেছনে স্কচটেপ দিয়ে ভিন্ন ভিন্ন প্যাকেটে লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গাড়িটি জব্দ করা হয়েছে।
ওসি সাজেদুলের ভাষ্য, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ইয়াবা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে মন্তব্য করেন ওসি।





