বাউফলে কিশোরদের হামলায় তিন বোনসহ আহত ৪

পূর্ববিরোধের জেরে তিন বোনসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ। ছবি: আগামীর সময়
পটুয়াখালীর বাউফলে পূর্ববিরোধের জেরে তিন বোনসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একদল কিশোরের বিরুদ্ধে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরের গোরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, তিন বোন ঝুমুর বেগম (৩১), রিনা বেগম (২৭), সাথী বেগম (২৭) এবং রিনার স্বামী হাসান মৃধা (২৮)।
আহতরা জানান, গতকাল রাত ৯টার দিকে স্থানীয় সিহাব, ওমর, জামাল, খাইরুল, ইশা ও পারভেজসহ ১৫ থেকে ১৬ জন কিশোর ঝুমুরের কাছে গিয়ে তাকে উদ্দেশ্য করে গালমন্দ করার কারণ জানতে চান। ঝুমুর বিষয়টি অস্বীকার করলে একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয়।
এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার দুই বোন ও বোনের স্বামীকেও লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সিহাব। তার দাবি, ঘটনার দিন বিকেলে ঝুমুর তাদের উদ্দেশ্য করে গালমন্দ করেন। রাতে এর কারণ জানতে গেলে ঝুমুরের বোনেরা তাদের ওপর চড়াও হন। এ সময় কামড় ও নখের আঁচড়ে তারা আহত হন এবং তাদের পাঞ্জাবিও ছিঁড়ে যায়।
সিহাব আরও দাবি করেন, ঝুমুর মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ও এলাকার কয়েকজন কিশোর মাদকবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকায় তাদের ওপর ক্ষুব্ধ ছিলেন ঝুমুর। পুলিশের বিভিন্ন অভিযানে তারা অংশ নিয়েছেন বলেও দাবি করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া সাধারণ মানুষের এ ধরনের অভিযান পরিচালনার কোনো দায়িত্ব নেই।




