ঈশ্বরদী
পদ্মার চরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সংগৃহীত ছবি
পাবনার ঈশ্বরদীতে পদ্মার চরে কৃষিকাজের সময় বজ্রপাতে রাকিবুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শামসুল ইসলাম নামে আরও এক কৃষক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার চরের আকাতের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম কৈকুন্ডা মালিথা পাড়া গ্রামের মারজেন সরদারের (ওরফে মোয়াজ্জেম হোসেন) ছেলে। আহত শামসুল ইসলামও একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার দুপুরে বিলকেদার চরের আকাতের ঘাটে কৃষিকাজ করছিলেন রাকিবুলসহ অন্য কৃষকেরা। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। চরের খোলা মাঠে আশ্রয় নেওয়ার মতো কোনো ঘর না থাকায় তারা মাঠেই অবস্থান করেন। এ সময় বজ্রপাতে রাকিবুল ও শামসুল গুরুত্বর আহত হন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ড. শাহেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই রাকিবুলের মৃত্যু হয়েছে। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।



