কিশোরগঞ্জ
গৃহবধুকে পিটিয়ে হত্যা, বাবা-ছেলেসহ সাতজনের যাবজ্জীবন

রায় ঘোষণার সময় আসামিদের আদালতে আনা হয়। ছবি: আগামীর সময়
কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধু জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ড পাওয়া আসামিরা হলেন, মঞ্জিল মিয়া (৬৫) ও তার ছেলে মো. রবি (৩৭), আমিনুল (৩০), শহিদ (৫৫), মাহবুব (৩৫), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)।
রায় ঘোষণার সময় সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
এসব তথ্য জানিয়েছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।
মামলার বিবরণ থেকে জানা যায়, উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন জ্যোৎস্না বেগম ও আসামিরা। বাড়িতে রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশী কলি আক্তারের সঙ্গে জ্যোৎস্না বেগমের বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে একাধিকবার চুলাটি সরিয়ে নেওয়ার অনুরোধ করলেও তা সরানো হয়নি। ঘটনার দিন চুলার ধোঁয়া নিয়ে কথা বলতে গেলে কলি ও মঞ্জিলের সঙ্গে জ্যোৎস্নার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অন্য আসামিরাও সেখানে জড়ো হন। পরে আসামিরা উত্তেজিত হয়ে জ্যোৎস্নাকে মারধর করেন। এ সময় তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে আঘাত করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।
পরে স্বজন ও স্থানীয়রা তাদেরকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় জ্যোৎস্না বেগমকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্বামী হাবিবুর রহমান মামলা করেন।




