গণরায়ের সঙ্গে প্রতারণা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদ ইসলাম

গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে এনসিপি আয়োজিত আঞ্চলিক সমন্বয় সভার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: আগামীর সময়
বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ শুক্রবার সকালে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে জেলা এনসিপি আয়োজিত আঞ্চলিক সমন্বয় সভার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী শপথ না নিয়ে বিএনপি সরকার গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও এভাবে জোর করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি।
তিনি আরও বলেছেন, সরকারকে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে।
সভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ ও সহসাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।




