বর্তমান সরকারের আমলে চাঁদাবাজি বেড়ে গেছে: নাহিদ ইসলাম

দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম
বর্তমান সরকারের আমলে দেশে চাঁদাবাজি বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বললেন, ‘শুধু চাঁদাবাজি নয় খুন, ধর্ষণ ও ছিনতাইয়ের ঘটনাও বেড়ে গেছে।’
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় বিএনপিসহ বর্তমান রাজনৈতিক নেতৃত্ব বারবার বলেছিল, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতির উন্নতি তো ঘটেইনি; বরং আরও অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেই।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন তিনি। দেশে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।
এনসিপির শীর্ষ এই নেতা জানান, গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত প্রকাশের অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অথচ বর্তমান পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়েই উদ্বেগ তৈরি হয়েছে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নাহিদ আরও জানালেন, একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অন্যদিকে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দমন-পীড়নের পথে হাঁটছে। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় সহিংসতা ও দমননীতির আশ্রয় নেওয়ায় সামগ্রিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ, ব্যারিস্টার সানী আব্দুল হক, সাদিয়া ফারজানা দিনা, ডা. কামরুল ইসলাম দর্পণ, মোশাররফ হোসাইন, আবু সাঈদ লিয়ন প্রমুখ।



