খুলনায় গুলিতে যুবক নিহত, হামলাকারীদের ধাওয়া করেও ধরতে পারেনি পুলিশ

গ্রাফিকস: আগামীর সময়
খুলনার দৌলতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় একটি কার্যালয়ের সামনে গুলিতে নিহত হয়েছেন এক যুবক।
আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে দৌলতপুরের খুলনা-যশোর মহাসড়কে ইস্পাহানি জুট প্রেস কলোনির সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
নিহতের নাম জলিল মুন্সি (৩৫)। তিনি ওই এলাকার দিলু মুন্সির ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সোয়া ৮টার দিকে কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন জলিল। এ সময় তিনজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ জলিল সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
দৌলতপুর থানার ওসি এ এফ এম জাহিদুল ইসলাম বলেছেন, ‘জলিলের বুকের ডান পাশের ওপরে ও পিঠের বাম পাশে ছিদ্র আছে। তবে একটি না দুটি গুলি লেগেছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’
হামলাকারীদের পুলিশের টহল দল ধাওয়া করেছিল বলে জানিয়েছেন ওসি।
তিনি বলছিলেন, দৌলতপুর থানার পুলিশের সাদা পোশাকধারী টিমের সদস্যরা ঘটনাস্থলের কাছেই অবস্থান করছিলেন। তারা ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যান।
ওসির ভাষ্যে, হামলাকারী ছিলেন তিনজন। একজন দৌলতপুর থানার মধ্যডাঙ্গার মো. রাসেল ওরফে পিচ্চি রাসেল (৩২), আরেক জনের নাম আসিফ মোল্লা (২৫), অন্য জনের পরিচয় পাওয়া যায়নি।
আসিফ ও অজ্ঞাতপরিচয় যুবক মোটরসাইকেলে করে পালিয়ে যান। রাসেল পিস্তলসহ পাশের বস্তিতে আত্মগোপন করেন বলে জানান ওসি।
তিনি বলেন, রাসেল কারাগারে ছিলেন। ১৫ দিন আগে জামিনে মুক্তি পান।
জলিলের ওপর হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।




