হাকিমপুর
চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, মাদরাসাসুপার গ্রেপ্তার

ছবি: আগামীর সময়
দিনাজপুরের হাকিমপুরে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে গুমাড়া দাখিল মাদরাসার সুপার মোজাহার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে অপর অভিযুক্ত মাদরাসা সভাপতি আব্দুর রাজ্জাক পলাতক।
গ্রেপ্তারকৃত সুপার মোজাহার আলী উপজেলার গুমাড়া গ্রামের রমজান আলীর ছেলে এবং গোবিন্দপুর গুমড়া দাখিল মাদরাসার সুপার। সভাপতি আব্দুর রাজ্জাক ইসবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ ডিসেম্বর মাদরাসার আয়া, নৈশপ্রহরী, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ পরীক্ষা হয়। এতে একই এলাকার শাকিল বাবু, মিহাজুল ইসলাম, মোস্তানা আস্তানা আক্তার মিতু ও রাশেদুজ্জামান পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। প্রত্যেকে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা না দিলে যোগদান করা হবে না জানিয়ে দেন। মাদরাসা ও সভাপতি কয়েক দফায় ৬০ লাখ টাকা আদায় করে যোগদান করান। এরপর এমপিওভুক্তির জন্য ফাইলপত্র পাঠানোর জন্য আবারও মোটা অংকের ঘুর দাবি করেন। উপায় না পেয়ে চারজন সোমবার হাকিমপুর থানায় লিখিত অভিযোগ দেন।
হাকিমপুর থানা ওসি জাকির হোসেন জানালেন, ভুক্তভোগীদের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সুপার মোজাহারকে গ্রেপ্তার করা হয়েছে। সভাপতি পলাতক। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।




