সোনারগাঁয়ে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত

দেশীয় মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরের পুকুর ও মেঘনা নদীতে এ পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।
২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বদ্ধ জলাশয়, প্লাবনভূমি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বরের পুকুর ও মেঘনা নদীর পাশাপাশি কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়, উলুকান্দী মাদ্রাসা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও উপজেলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুরেও বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকালে বক্তারা বলেছেন, নদী-নালা, খাল-বিল ও প্রাকৃতিক জলাশয়ে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। এজন্য অবৈধ ও ক্ষতিকর জাল ব্যবহার বন্ধের পাশাপাশি মা মাছ ও ছোট পোনা মাছ নিধন থেকে সবাইকে বিরত থাকতে হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেছেন, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানো এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যেই প্রতিবছর সরকারি উদ্যোগে বিভিন্ন জলাশয় ও নদ-নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। একই সঙ্গে মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, নদী ও জলাশয়ের ওপর নির্ভরশীল জনগণকেও সচেতন হতে হবে। বিশেষ করে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার এবং মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, ড. মোসা. শামীমা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, উপজেলা সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসেন, নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।



