টেকনাফে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার, বোমা তৈরির আশঙ্কা

বিপুল পরিমাণ বিস্ফোরকসহ আটক দুই। ছবি: আগামীর সময়
কক্সবাজারের টেকনাফে এলপিজি গ্যাস সিলিন্ডার ও প্লাস্টিকের ড্রামে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর হাটিয়ারঘোনা গ্রামের দুটি মুরগির খামারে সন্দেহজনক লোকজনের জমায়েত এবং পেট্রল ও কাচের বোতল মজুতের অভিযোগ উঠেছে। এসব উপকরণ দিয়ে পেট্রল বোমা তৈরি করে নাশকতার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
গতকাল শনিবার রাত ১০টার দিকে টেকনাফের আদর্শগ্রাম এলাকায় অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বটতলী থেকে পর্যটনপাড়া হয়ে আদর্শগ্রাম দিয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান নেওয়ার খবর পেয়ে ওই এলাকায় পাঁচটি চেকপোস্ট বসানো হয়।
একপর্যায়ে আদর্শগ্রামের কাঁচা রাস্তা দিয়ে আসা দুটি অটোরিকশাকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা। চালকদের জিজ্ঞাসাবাদে তারা জানান, অটোরিকশায় থাকা মালামাল সামনের একটি মোটরসাইকেলের আরোহীদের। পরে মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা শর্টগান দিয়ে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা তিনজন সেটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যান।
পরে অটোরিকশা দুটি ব্যাটালিয়ন সদরে নিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়।
বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক এবং ৯.৯৬ মিলিমিটার ক্যালিবারের ২৫৪টি গুলি। এ ছাড়া বোমা তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, একটি টুল বক্স ও ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স উদ্ধার করা হয়েছে।
অভিযানে ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গানপাউডার, বিভিন্ন দানার আরও ৬ কেজি ৬০৯ গ্রাম বিস্ফোরক, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল এবং ৩ কেজি পেরেক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আটক দুজন হলেন টেকনাফের নতুন পল্লানপাড়ার মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মো. ইব্রাহিম (১৮)। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর হাটিয়ারঘোনা গ্রামের দুটি মুরগির খামার ঘিরে সন্দেহজনক তৎপরতার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাটিয়ারঘোনা কবরস্থান সড়ক হয়ে গ্রামের ভেতরে অবস্থিত একটি এবং উত্তর লম্বারী মেরিন ড্রাইভ-সংলগ্ন আরেকটি খামারে লোকজনের জমায়েত হচ্ছে। খামার দুটিতে বিপুল পরিমাণ পেট্রল ও কাচের বোতল মজুত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। এসব উপকরণ দিয়ে পেট্রল বোমা তৈরির প্রস্তুতি চলছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয়রা জানান, খামার দুটির মালিক দেলোয়ার। তিনি আলম চেয়ারম্যানের ঘনিষ্ঠ এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন।
এ ছাড়া টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর আহমদ ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান মিয়াসহ কয়েকজনের সংশ্লিষ্টতায় নাশকতার উদ্দেশ্যে বোমা, অস্ত্র ও গুলি মজুদের তৎপরতা চলছিল।




