নলডাঙ্গায় সড়কে টায়ার জ্বালিয়ে পেট্রোলবোমা বিস্ফোরণ

পেট্রোলবোমার বিস্ফোরণ
নাটোরের নলডাঙ্গায় সড়কের ওপর টায়ারে আগুন দিয়ে পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার বাঁশিলা কবরস্থান মোড়ে পাকা সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৭টার দিকে দুর্বৃত্তরা বাঁশিলা কবরস্থান মোড়ে সড়কের ওপর একটি টায়ারে আগুন ধরিয়ে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে টায়ারে আগুন জ্বলতে এবং পেট্রোল বোমাসদৃশ বস্তু দেখতে পান। পরে তারা বিষয়টি থানার পুলিশকে জানান।
নলডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম নান্টু এ ঘটনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেন।
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু তার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ দেশকে অস্থিতিশীল করতে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করছে। আমরা বিএনপির নেতাকর্মীরা তাদের ষড়যন্ত্র সফল হতে দেব না। নাশকতাকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় পুলিশ আগুন নেভায়। এ ঘটনায় তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



