টেকনাফ
মালয়েশিয়ায় পাচারকালে উদ্ধার ৯, নৌকায় পালালেন পাচারকারীরা

উদ্ধার হওয়া ৯ জন। সংগৃহীত ছবি
সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে টেকনাফের একটি ঘাট থেকে ৯ জনকে উদ্ধার করেছে বিজিবি।
গতকাল শনিবার সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ সদর দক্ষিণের লম্বরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে নৌকায় উঠে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যান পাচারকারী চক্রের ১০ থেকে ১৫ জন সদস্য।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭), আব্দুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহিদ আলম (১৮)। তাদের মধ্যে কয়েকজন উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অন্যরা কক্সবাজারের বিভিন্ন এলাকার।
টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল লম্বরীঘাট এলাকায় অবস্থান নেন। সন্ধ্যার পর তারা ঘাট এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি দলকে দেখতে পান। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে সেটিকে ধাওয়া করেন তারা। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে মানব পাচারকারী চক্রের ১০ থেকে ১৫ জন সদস্য দ্রুত নৌকায় উঠে সমুদ্রের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা ৯ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদেরকে পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় আনা হয়েছিল।
অধিনায়ক তাজুল জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।




