‘হত্যা করা হবে, সময় ১৫ দিন', উড়োচিঠিতে হুমকি ৪ বিএনপি নেতাকে

গ্রাফিকস: আগামীর সময়
জয়পুরহাটের আক্কেলপুরে রায়কালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে চিঠি রেখে দলের চার নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কার্যালয় পরিষ্কার করার সময় একটি খামের ভেতর পলিথিনে মোড়ানো চিঠিটি পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে পুলিশ চিঠিটি নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
লাল কালিতে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘হত্যা করা হবে, সময় ১৫ দিন।’ কারা ওই চিঠি কার্যালয়ে রেখে গেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
রায়কালী ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বললেন, চিঠিতে তার নামসহ চার নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। দল ক্ষমতায় আসার পর থেকে তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এসব কর্মকাণ্ডে কেউ ক্ষুব্ধ বা ঈর্ষান্বিত হয়ে হুমকি দিয়ে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানিয়েছেন তিনি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বললেন, রাতেই চিঠিটি জব্দ করা হয়েছে। ওই এলাকার ওপর নজর রাখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



