গাছ পড়ে তিন ঘণ্টা বন্ধ ফেনীর ব্যস্ত সড়ক

সকালে একাডেমি সড়কে গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে
একটি পুরনো কড়ই গাছ উপড়ে পড়েছিল রাস্তায়। এতেই টানা তিন ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। ঘটনাটি ফেনীর ব্যস্ততম একাডেমি সড়কের।
পৌরসভা সূত্র বলছে, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে একাডেমি সড়কে একটি পুরনো কড়ই গাছ রাস্তায় ভেঙে পড়ে। এতে ট্রাঙ্ক রোড থেকে ফেনী জেনারেল হাসপাতাল মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফেনী পৌরসভার কনজারভেন্সি কর্মকর্তা মো. সারোয়ার বলছেন, খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের কর্মীরা পৌরসভার কর্মীদের সহযোগিতায় গাছটি কেটে সরিয়ে নেয়। যান চলাচল স্বাভাবিক হয়। পরে পৌরসভার গাড়িতে গাছটি অন্যত্র স্থানান্তর করা হয় বলে জানান তিনি।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস আগামীর সময়কে বলেছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহায়তা করেছে। এ সময় জরুরি যানবাহন বিকল্প সড়কে চলাচল করে। দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।




