কাউনিয়ায় আগুনে পুড়ল ৩ পরিবারের ঘর

কাউনিয়ায় আগুনে পুড়ল তিন পরিবারের বসতঘর। ছবি: আগামীর সময়
রংপুরের কাউনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিন পরিবারের বসতঘর। আগুনে নগদ টাকা, গবাদি পশু, ফ্রিজ, আসবাবপত্র ও খাদ্যশস্যসহ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে আগুনের ঘটনা ঘটে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছড়া গ্রামে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ভুতছড়া গ্রামের মোসলিম উদ্দিনের বসতঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের দুটি পরিবারের ঘরেও আগুন ধরে যায়। কাউনিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় তিন পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে ১ লাখ ৮০ হাজার টাকা, একটি গরু, পাঁচটি ছাগল, তিনটি ফ্রিজ, প্রায় ২০ মণ ধান, চাল, পোশাক ও আসবাবপত্র পুড়ে গেছে। ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে কষ্টে দিন কাটাচ্ছে।
ক্ষতিগ্রস্তরা এই দুর্দিনে সরকারি সহায়তার পাশাপাশি স্থানীয় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামর্থ্যবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্রুত তালিকা তৈরি করে সরকারি প্রয়োজনীয় সব ধরনের সহায়তা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সরকারি তহবিল থেকে তাদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।








