ডায়াবেটিস রোগ ঘুণে ধরা ফার্নিচারের মতো: ডা. মশিউর রহমান

নাটোরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নানা কর্মসূচি। ছবি: আগামীর সময়
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানে নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শোভাযাত্রা, আলোচনা সভা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়।
ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক।
সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ ফ ম মশিউর রহমান বাবু। তিনি বলেন, ডায়াবেটিস ঘুণে ধরা ফার্নিচারের মতো। কাঠের ফার্নিচারে ভেতরে ঘুণ ধরলে যেমন ধীরে ধীরে তা নষ্ট হয়ে যায়, তেমনি মানবদেহে ডায়াবেটিস দেখা দিলে নানা জটিলতা তৈরি হতে পারে। তাই নিয়মিত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখতে হবে। অবহেলা করলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে। নিয়মিত চিকিৎসা ও সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব।
সভায় স্বাগত বক্তব্য দেন ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডা. দীপ বিশ্বাস সুদীপ।
বিশেষ অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ জাপল, নড়াইল-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নড়াইল জেলা শাখার সভাপতি বিদ্যুৎ কুমার সান্ন্যাল, আল্ট্রাসনোগ্রাম ও নরমাল ডেলিভারি বিশেষজ্ঞ ডা. স্মৃতিকণা সরকার এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির সহকারী বিক্রয় ব্যবস্থাপক জোয়ার্দ্দার আশরাফুল কবিরসহ অনেকে।




