বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান

ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে খাদ্যপণ্যের প্যাকেটের সামনে বাধ্যতামূলক সতর্কবার্তা চালুর আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে, অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাদ্য গ্রহণের প্রবণতা বাড়ায় ডায়াবেটিসের ঝুঁকি। এ পরিস্থিতিতে খাদ্যপণ্যের প্যাকেটে সহজবোধ্য সতর্কবার্তা থাকলে ভোক্তারা সচেতনভাবে খাবার নির্বাচন করতে পারবেন।
আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। তাঁদের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশই জানতেন না যে তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত। একই সময়ে ডায়াবেটিস-সম্পর্কিত স্বাস্থ্যব্যয় ছিল প্রায় ১২ হাজার কোটি টাকা।
বিশেষজ্ঞদের মতে, অতি-প্রক্রিয়াজাত খাদ্য ও পানীয় গ্রহণের কারণে দেশে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ক্রমেই বাড়ছে। খাদ্যপণ্যের প্যাকেটের সামনের অংশে দৃশ্যমান ও সহজবোধ্য সতর্কবার্তা থাকলে ভোক্তারা পণ্যে থাকা অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বি সম্পর্কে সহজেই জানতে পারবেন।
গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রায় ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্যাকেটজাত খাবার গ্রহণ করেন। অন্যদিকে, প্রক্রিয়াজাত খাদ্যে লবণ, চিনি ও চর্বির পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সীমার চেয়ে বেশি।
গবেষণার তথ্য তুলে ধরে সংশ্লিষ্টরা জানিয়েছেন, অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাদ্যপণ্য শনাক্ত করতে প্যাকেটের সামনের অংশে সতর্কতামূলক লেবেলিং (ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং বা এফওপিএল) বাংলাদেশি ভোক্তাদের জন্য কার্যকর ব্যবস্থা হতে পারে। এটি ভোক্তাদের সচেতন খাদ্যনির্বাচনে সহায়তা করার পাশাপাশি খাদ্যজনিত ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখবে।
এ লক্ষ্যে কোনো ধরনের শিথিলতা, অব্যাহতি বা বিলম্ব ছাড়াই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’ দ্রুত চূড়ান্ত করার দাবি জানানো হয়েছে।
বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেছেন, ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপের অংশ হিসেবে খাদ্যপণ্যে অতিরিক্ত চিনি ও অন্যান্য ক্ষতিকর উপাদান সম্পর্কে জানা ভোক্তার অধিকার।
তিনি আরও বলেছেন, জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে খাদ্যপণ্যের প্যাকেটের সামনে সতর্কবার্তা চালু করতে হবে।



