টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুটি পিস্তলসহ অস্ত্র উদ্ধার

সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
এপিবিএন ও সেনাবাহিনী বলছে, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে এইচ ব্লকে সানাউল্লাহর বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় নম্বরবিহীন দুটি ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধার করা গুলির মধ্যে তিনটি পিস্তলের এবং একটি একনলা বন্দুকের।
এ ছাড়া একটি স্টিলের চাকু, একটি লোহার দা ও একটি হ্যাকসো ব্লেড উদ্ধার করা হয়। অভিযানে ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, সিমবিহীন আটটি সিম কার্ডের কাভার এবং বিভিন্ন পরিচয়পত্রের ফটোকপিও পাওয়া যায়। এর মধ্যে দুটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, দুটি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের রোহিঙ্গা শরণার্থী কার্ড এবং একটি বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের ফটোকপি রয়েছে। এ ছাড়া এক জোড়া পুরোনো কালো বুট উদ্ধার করা হয়েছে।




