এক ইলিশের দাম ১২ হাজার টাকা

সংগৃহীত ছবি
পটুয়াখালীর কুয়াকাটার আশাখালী মৎস্য বন্দরে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১২ হাজার ১১২ টাকায়। গতকাল রবিবার সকালে স্থানীয় মৎস্য আড়ত মেসার্স তুবা ফিসে নিলামে প্রতি মণ ১ লাখ ৯৫ হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়। স্থানীয় ব্যবসায়ী মামুন মৃধা মাছটি কিনেছেন।
জেলে নূর আলম বিশ্বাসের জালে ধরা পড়ে বড় আকৃতির ইলিশটি। মাছটি বন্দরে নিয়ে আসার পর তা দেখতে আড়তের ব্যবসায়ী ও স্থানীয় ক্রেতাদের মধ্যে বেশ আগ্রহ দেখা যায়।
জেলে নূর আলম বিশ্বাস জানান, সাগরে মাছ ধরার সময় তার জালে ইলিশটি ধরা পড়ে। পরে বন্দরে এনে ভালো দামে বিক্রি করতে পেরেছেন। বড় মাছ ধরা পড়লে জেলেদের মধ্যে আনন্দের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হওয়ার আশাও তৈরি হয়। মাছের ভালো দাম পেলে পরিবারের খরচ চালানোও সহজ হয়।
ক্রেতা মামুন মৃধা বলেন, আড়তে মাছটি আসার পর নিলামে অংশ নিয়ে তিনি কিনেছেন। এত বড় ওজনের ইলিশ সচরাচর পাওয়া যায় না। ভালো দামে মাছটি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইলিয়াস হোসেন জানান, আশাখালী বন্দরে বড় ইলিশ উঠলে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়। দুই কেজির বেশি ওজনের ইলিশ বাজারে খুব একটা দেখা যায় না। এ কারণে মাছটির দামও ভালো উঠেছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ। এ জন্য জেলেদের আইন মেনে মাছ আহরণের পাশাপাশি ইলিশের প্রজনন ও বৃদ্ধির জন্য নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করতে হবে।




