বিশ্বকাপ উন্মাদনায় সরগরম কুমিল্লার উত্তর

ছবি: আগামীর সময়
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শুরু হতে আর বাকী চার দিন। তবে মাঠের লড়াই শুরুর আগেই ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন কুমিল্লার উত্তরাঞ্চলের হোমনা, মেঘনা, তিতাস ও দাউদকান্দি উপজেলার ফুটবলপ্রেমীরা। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের নানা আয়োজন ঘিরে সরগরম হয়ে উঠেছে এসব জনপদ।
তিতাস উপজেলার দক্ষিণ গাজীপুর এলাকায় গৌরীপুর-হোমনা সড়কে টাঙানো হয়েছে ৬০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার একটি ব্যানার। দক্ষিণ গাজীপুর যুব সমাজ সংঘের উদ্যোগে টাঙানো ব্যানারে ৩১ জন সমর্থকের ছবি স্থান পেয়েছে। পাশাপাশি চলছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতিও।
স্থানীয়রা জানিয়েছেন, নদীবেষ্টিত হোমনা, মেঘনা, তিতাস ও দাউদকান্দি উপজেলায় পর্তুগাল, ফ্রান্স ও জার্মানির সমর্থক থাকলেও আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকই সবচেয়ে বেশি।
বিশ্বকাপকে ঘিরে স্থানীয় বাজারগুলোতেও বেড়েছে জার্সি ও পতাকার বিক্রি। ব্যবসায়ীরা জানিয়েছেন, আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি জার্মানি, পর্তুগাল ও ফ্রান্সের জার্সিও কিনছেন ক্রেতারা।
চার উপজেলার কিশোর-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও বিশ্বকাপের আমেজ ছড়িয়ে পড়েছে। বড় পর্দা, মোবাইল ফোন ও অনলাইন প্ল্যাটফর্মে খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন ফুটবলপ্রেমীরা। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও দিন দিন বাড়ছে।
আর্জেন্টিনা সমর্থক মো. আল আমিন সিকদার জানিয়েছেন, বিশ্বকাপ এলেই তাদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই নানা আয়োজন করা হচ্ছে। তিতাসের আর্জেন্টিনা সমর্থকদের একত্র করে শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।
অন্যদিকে, হোমনা উপজেলার বাসিন্দা ও ব্রাজিল সমর্থক ইয়াকুব আলী বলেছেন, ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বড় পর্দায় প্রদর্শনের পরিকল্পনা রয়েছে তাদের।
মেঘনা উপজেলার মানিকারচর বাজারের ব্যবসায়ী ও জার্মানি সমর্থক সফিউল্লাহ জানিয়েছেন, এবার বিশ্বকাপের ম্যাচগুলো বড় পর্দায় দেখার আয়োজন থাকবে। তার প্রত্যাশা, জার্মানিই শিরোপা জিতবে।
দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের ব্যবসায়ী ও আর্জেন্টিনা সমর্থক মো. সাইদুল ইসলাম মনে করেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। তার আশা, শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনা।





