কক্সবাজারে ঘুরতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত সীমা কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে। তিনি ওই এলাকার ফাতেমাতুজ্জুহুরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম জানিয়েছেন, স্বজনদের সঙ্গে ইজিবাইকে করে সুগন্ধা সৈকত থেকে ফেরার সময় সীমার ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল সোমবার ভোর ৬টার দিকে দেবিদ্বারের বড় আলমপুর থেকে ১৭ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা একসঙ্গে সুগন্ধা সৈকতে ঘুরতে বের হয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বললেন, ‘মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




