গাজীপুরে আজও বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ
- ৩০ কারখানায় ছুটি

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এসময় সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছবি: আগামীর সময়
বেতন বৃদ্ধির ঘোষণার পর দ্বিতীয় দিনেও গাজীপুরে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এসময় মহাসড়ক অবরোধের চেষ্টা করলে ধাওয়া এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এতে কিছু সময়ের জন্য ব্যাহত হয় যান চলাচল। পরে স্বাভাবিক হয় পরিস্থিতি।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘটে এ ঘটনা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরে অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে একদল শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ছাড়া নগরীর কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় বৃহস্পতিবার নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি যেকোনো সময় অস্বাভাবিক হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এ ছাড়া গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এলাকার কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ কাজ করছে। কয়েকটি স্থানে বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করা হয়। বৃহস্পতিবার ২০ থেকে ৩০ টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার গাজীপুর ও সাভারের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তারা চান ন্যূনতম বেতন করা হোক ৩০ হাজার টাকা।
এর আগে মঙ্গলবার রাতে মজুরি বোর্ড শ্রমিকদের বেতন বৃদ্ধির ঘোষণা দেয়।
নতুন কাঠামো অনুযায়ী, সহকারী অপারেটর বা হেলপার পদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা (৩৬ শতাংশ) বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১-এ সিনিয়র অপারেটর পদের মজুরি ১৫ হাজার ৩৫ থেকে সর্বোচ্চ ৬ হাজার ৪৬৫ টাকা (প্রায় ৪৩ শতাংশ) বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫০০ টাকায়। গ্রেড-২-এ অপারেটর পদের মজুরি ১৪ হাজার ২৭৩ থেকে ৫ হাজার ৭২৭ টাকা (৪০ দশমিক ১১ শতাংশ) বেড়ে হয়েছে ২০ হাজার এবং গ্রেড-৩-এ জুনিয়র অপারেটর পদের মজুরি ১৩ হাজার ৫৫০ থেকে ৫ হাজার ৬৫০ টাকা (৪১ দশমিক ৭০ শতাংশ) বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পুরনো শ্রমিকদের জন্য ২ হাজার টাকার বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত করার শর্ত রাখা হয়েছে।
নতুন কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।
এদিকে বেতন বৃদ্ধির পরও থামছে না বিক্ষোভ। এতে উদ্বেগ দেখা দিয়েছে উদ্যোক্তাদের মধ্যে। তাদের অভিযোগ, তথ্য-উপাত্ত ও শিল্পের সক্ষমতা বিশ্লেষণ ছাড়াই তাড়াহুড়ো করে মজুরি নির্ধারণ করা হয়েছে।
তারা আশঙ্কা করছেন, এর ফলে দেড় হাজার কারখানা বন্ধ হতে পারে, রপ্তানি কমতে পারে ৫১ শতাংশ পর্যন্ত। সব মিলিয়ে অর্থনীতিবিদরাও খাতটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।




