মনোহরগঞ্জ
প্রবাসীর বাড়িতে হামলা, ২৫ ভরি স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেল দুর্বৃত্তরা

ছবি: আগামীর সময়
কুমিল্লার মনোহরগঞ্জে প্রবাসীর বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এ সময় ঘরের আসবাবপত্র ও মালামাল ভাঙচুরের পাশাপাশি বিয়ের জন্য জমানো ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা এবং ২০ হাজার সৌদি রিয়াল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সরসপুর ইউনিয়নের সাটরা গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুর রহিমের চার ছেলে। তাদের মধ্যে বড় ছেলে হুমায়ুন কবির ও মেজো ছেলে আনোয়ার হোসেন সৌদি আরবে, স্বপন যুক্তরাষ্ট্রে এবং ছোট ছেলে সোহাগ ভারতে থাকেন। বাড়িতে মূলত নারী সদস্যরাই বসবাস করেন। কিছুদিন আগে ছোট ছেলে সোহাগ দেশে ফেরায় পরিবারে বিয়ের আয়োজন চলছিল।
পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার রাতে একদল দুর্বৃত্ত হঠাৎ বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট শুরু করে। তারা ঘরের আসবাবপত্র, শোকেস ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ভেঙে ফেলে। একপর্যায়ে আলমারি ও লকার ভেঙে বিয়ের জন্য জমানো ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা এবং ২০ হাজার সৌদি রিয়াল নিয়ে যায়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন প্রবাসী হুমায়ুন কবিরের বৃদ্ধা মা। তিনি বলেন, ‘ছোট ছেলের বিয়ের খরচের জন্য ঘরে টাকা ও স্বর্ণ জমা রেখেছিলাম। দুর্বৃত্তরা আমাদের সর্বস্ব লুটে নিয়েছে। আমার ছেলেদের প্রাণে মেরে ফেলারও চেষ্টা করেছে। আমি হামলাকারীদের পা ধরে সন্তানদের জীবন ভিক্ষা চেয়েছি। তারা আমাদের ঘর একেবারে শূন্য করে দিয়ে গেছে।’
এ ঘটনার পর সাটরা গ্রাম জুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় এ ধরনের হামলার ঘটনা আগে কখনো ঘটেনি। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।




