বিজিবির জনসচেতনতামূলক কর্মসূচি
সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ-অপরাধমুক্ত সীমান্ত গড়ে তোলা সম্ভব

ছবি: আগামীর সময়
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধ পুশইন, নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে দর্শনা সীমান্তের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পুশইন, নারী ও শিশু পাচার এবং মাদক পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তবে এসব অপরাধ প্রতিরোধে শুধু বিজিবির একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সীমান্ত গড়ে তোলা সম্ভব।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার শাহরিয়ার মেহেদী বলেন, সীমান্তসহ জেলার কোথাও অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক ব্যক্তির চলাচল লক্ষ্য করলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক রাজ মাহমুদ ও দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
এ সময় বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মো. হাবিবুর রহমান বুলেট, মো. মশিউর রহমান, সাবেক কাউন্সিলর ও সাংবাদিক মো. শরিফ উদ্দিন, নাহারুল ইসলাম মাস্টার, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ইউপি সদস্য চঞ্চল মেম্বার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন এবং দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ আহমেদ।
এ ছাড়া দর্শনা পৌরসভা ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী, স্থানীয় সুধীজন এবং ব্যবসায়ী প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।



