অপরাধীরা জেলে থাকলে এলাকাবাসী শান্তিতে থাকবে : তথ্য প্রতিমন্ত্রী

কথা বলছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
মাদক কারবারি, জুয়াড়ি ও নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গ্রাম-পুলিশকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অপরাধীরা জেলে থাকলে এলাকাবাসী শান্তিতে থাকবে।’
আজ শনিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে গ্রাম-পুলিশ সদস্যদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের কর্মকাণ্ডের মধ্যে অগ্নিসংযোগ, যানবাহন ও অফিস-আদালত পোড়ানো, মানুষ হত্যা এবং বাস ও থানায় আগুন দেওয়ার মতো নাশকতা রয়েছে। এসব প্রতিহত করতে গ্রাম-পুলিশকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।
তিনি বলেন, গ্রাম-পুলিশ সরকারি পোশাকধারী সদস্য। তাই তাদের মনোবল শক্ত রাখতে হবে। কোনো এলাকায় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেলে ওয়ার্ড পর্যায়ে যোগাযোগ করে একত্র হয়ে তা প্রতিহত করতে হবে এবং সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।
নান্দাইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রাম-পুলিশের ভূমিকার কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, উপজেলার ১৩টি ইউনিয়নে থানার পুলিশ সদস্য রয়েছেন ৬০ থেকে ৬৫ জন। সেখানে গ্রাম-পুলিশ রয়েছেন ১৩০ জন। এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে মাদক কারবারি ও জুয়াড়িদের চিহ্নিত করতে হবে। তবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না; বরং পুলিশের হাতে তুলে দিতে হবে।
মাদক কারবারি ও সেবনকারীদের সামাজিকভাবে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকসংশ্লিষ্টদের সঙ্গে সম্পর্ক না রেখে তাদের আইনের আওতায় আনতে হবে। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গ্রাম-পুলিশের দায়িত্ব ও সততার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সহযোগিতা করার মতো কোনো অনিয়ম বরদাশত করা হবে না। দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রেখে গ্রাম-পুলিশকে সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক ও নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম।
এ সময় নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাদ্দাম হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও গ্রাম-পুলিশের ১০২ জন সদস্য উপস্থিত ছিলেন।




