পাঠশালার টান কমছে শিশুদের

নীলফামারীর জলঢাকায় বন্ধ রয়েছে স্কুল ফিডিং কর্মসূচি। এরপর থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কমতে শুরু করেছে শিক্ষার্থীদের উপস্থিতি। তিন সপ্তাহের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিতি ২০-৩০ শতাংশ কমেছে বলে জানিয়েছেন শিক্ষকরা। তাদের আশঙ্কা, এ কর্মসূচি চালু না হলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
শিক্ষকদের ভাষ্য, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় স্বাস্থ্যসম্মত খাদ্য পাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার আগ্রহ বেড়েছিল। অভিভাবকরাও সন্তানদের স্কুলে পাঠাতে উৎসাহিত হতেন। তবে গত ১১ নভেম্বর ১৮ মাসের পরীক্ষামূলক প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর থেকেই উপস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।
উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য বিশ্লেষণেও উপস্থিতি কমে যাওয়ার চিত্র পাওয়া গেছে। গত ১৯ নভেম্বর শৌলমারী ইউনিয়নের কালীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭০ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১০২ জন। একই ইউনিয়নের কৈবর্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১১ জনের মধ্যে ১৩৫ এবং সিংড়িয়া চাকলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬৭ জনের মধ্যে ১৩০ জন উপস্থিত ছিল। খামার কৈমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৮ জনের মধ্যে উপস্থিত ছিল মাত্র ৫০ জন।
কালীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রানী রায় বসুনিয়ার ভাষায়, স্কুল ফিডিং চালু থাকায় শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসত। অনেক অভিভাবক সন্তানদের নিজেরাই স্কুলে দিয়ে যেতেন। কিন্তু প্রকল্প বন্ধ হওয়ার তিন সপ্তাহের মধ্যেই উপস্থিতি কমতে শুরু করেছে। এমন সময়ে কর্মসূচিটি বন্ধ হয়েছে, যখন শিক্ষার্থীরা নতুন শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার প্রস্তুতি নিচ্ছে।
উপস্থিতির এমন চিত্র দেখা গেছে উপজেলার অন্যান্য বিদ্যালয়েও। বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৯ জনের মধ্যে ১৪০, বালাপাড়া আদর্শ গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৯ জনের মধ্যে ৫৫ এবং উত্তর দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৪৩ জনের মধ্যে ২৪৫ জন উপস্থিত ছিল। এ ছাড়া কাঁঠালি ইউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২৯ জনের মধ্যে ২৫০, দক্ষিণ দেশিবাই রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৪ জনের মধ্যে ১৪০ এবং খেরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২ জনের মধ্যে ১৪৫ শিক্ষার্থী উপস্থিত ছিল।
দক্ষিণ পাইটকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিয়ার রহমানের ভাষ্য, স্কুল ফিডিং কর্মসূচি শিশুদের বিদ্যালয়মুখী করতে ইতিবাচক ভূমিকা রেখেছিল। শিক্ষাবর্ষ শেষ হয়ে শিক্ষার্থীরা নতুন শ্রেণিতে ওঠার পর প্রকল্পটি বন্ধ হলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হতো। এখন শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা শিক্ষকদের জন্য বড় চ্যালেঞ্জ।
একই অভিজ্ঞতার কথা জানালেন খেরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলি রানী রায়। তিনি বললেন, ‘আগে শিক্ষার্থীরা নিজেরাই বিদ্যালয়ে আসত। এখন উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের ডেকে আনতে হচ্ছে।’ এ পরিস্থিতিতে স্কুল ফিডিং কর্মসূচি আবার চালুর দাবি জানিয়েছেন তিনি।
অন্য বিদ্যালয়গুলোর মধ্যে দক্ষিণ পাইটকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৫ জনের মধ্যে ১২০, পশ্চিম বালাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১৭ জনের মধ্যে ৮৫, কাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১৫ জনের মধ্যে ১৪০ এবং উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৮ জনের মধ্যে ৬৫ জন উপস্থিত ছিল।
শিক্ষকরা বলছেন, স্কুল ফিডিং শুধু শিশুদের পুষ্টির চাহিদা পূরণেই নয়, প্রাথমিক বিদ্যালয়ে তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেও ভূমিকা রেখেছে। তাই শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখা ও ঝরে পড়া রোধে কর্মসূচিটি আবার চালুর উদ্যোগ নেওয়া জরুরি।
সরকারের উদ্যোগে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে পরীক্ষামূলকভাবে ১৮ মাসের জন্য কর্মসূচিটি চালু করা হয়েছিল। এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাদ্যসামগ্রী সরবরাহ করা হতো। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় গত ১১ নভেম্বর থেকে এ কার্যক্রম বন্ধ রয়েছে।
নীলফামারীতে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইএসডিওর ব্যবস্থাপক সামসুল আলমের দাবি, জলঢাকা উপজেলার ২৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৬ হাজার ৫৩৩ শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় প্রতিদিন খাদ্যসামগ্রী পেয়েছে। এসব খাদ্যসামগ্রী সরবরাহের কাজে যুক্ত ছিলেন উপজেলার ১৮১ জন হতদরিদ্র নারী উদ্যোক্তা।
তার মতে, কর্মসূচির ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের উপস্থিতি বেড়েছিল। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে হতদরিদ্র নারীদের কর্মসংস্থান ও নারী উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছিল। সরকারের নির্ধারিত সময় অনুযায়ী ইএসডিও প্রকল্পটি বাস্তবায়ন করেছে।



