প্যারোলে মুক্তি পেয়ে বীর মুক্তিযোদ্ধা বাবার জানাজায় আ.লীগ নেতা

কোটালীপাড়া পৌর ভবনের মাঠে অনুষ্ঠিত বাবার জানাজায় অংশ নেন কামাল হোসেন শেখ। ছবি: আগামীর সময়
বাবার জানাজায় অংশ নিতে আট ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখ।
কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে কোটালীপাড়ায় এসে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে রাতেই তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়।
গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশের প্রিজন ভ্যানে করে কামাল হোসেন শেখকে কাশিমপুর কারাগার থেকে কোটালীপাড়ায় আনা হয়।
পরে রাত ১১টার দিকে কোটালীপাড়া পৌর ভবন মাঠে তার বাবা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের দ্বিতীয় জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
কামাল হোসেন শেখের বাবা শেখ লুৎফর রহমান (৯৭) শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কোটালীপাড়া পৌরসভার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
বাবার মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের কাছে কামাল হোসেন শেখের প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে কারা কর্তৃপক্ষ তাকে আট ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়।
সবে মিলে করি লুট
০৯ আগস্ট ২০২৬
এর আগে শনিবার বাদ আসর কোটালীপাড়া পৌর ঈদগাহ মাঠে শেখ লুৎফর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে পৌর ভবন মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চপল্লী কবরস্থানে তাকে দাফন করা হয়।
শেখ লুৎফর রহমান কোটালীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কোটালীপাড়া শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন। বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি।





