পটুয়াখালী
ধর্ষণ মামলায় আপস, বাদীর কারাদণ্ড

পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার আসামির সঙ্গে আপস করায় বাদীকে দুদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আসামিকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মামলার বাদী মোহাম্মদ আলী হাওলাদার (৩২)। মামলার আসামি আজিজুল হাওলাদার (২৪)। তারা দুজনই গলাচিপা উপজেলার পশ্চিম পক্ষিয়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান।
তিনি জানান, আপস-অযোগ্য ধারার মামলায় এ ধরনের আপস করা দণ্ডনীয় অপরাধ।
আদালত সূত্রে জানা যায়, বাদী তার ১৪ বছর বয়সী ভাতিজিকে যৌন নির্যাতনের অভিযোগে আজিজুল হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেন। পরে স্থানীয়ভাবে দুপক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়।
সোমবার দুপুরে বাদী ও আসামি আদালতে উপস্থিত হয়ে আপসের ভিত্তিতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। তবে আপস-অযোগ্য ধারার এ মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে আপসের আবেদন করায় বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেন আদালত।




