সংকটে দেশ উদ্ধারের দায়িত্ব মানুষ বিএনপিকেই দেয়: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
কঠিন সংকটে দেশের মানুষ বিএনপিতেই ভরসা পায় বলে মনে করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তার মতে, ‘দেশ কোনো কঠিন সংকটে পড়লে উত্তরণের দায়িত্ব মানুষ বিএনপিকেই দেয়।’
গতকাল রবিবার মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে ডাকা মতবিনিময় সভায় এই মন্তব্য করেছেন তিনি। নেতাকর্মীদের বলেছেন, ‘সংকটকালে দেশ ও দেশের মানুষকে রক্ষায় সঠিক নেতৃত্ব দেওয়াই বিএনপির প্রধান দায়িত্ব। তবে এজন্য দলের অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা জরুরি।’
সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী জাহিদ হোসেন। দলে শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব বোঝাতে নেতাকর্মীদের তিনি বলেন, ‘বিএনপির কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা করলে তার চূড়ান্ত লাভ হবে গুপ্ত ও পলাতক বাহিনীর। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।’
‘দল না থাকলে পদের কোনো দাম নেই। আর ডিসিপ্লিন না থাকলে কোনো সংগঠন কখনোই সামনে এগিয়ে যেতে পারে না’— যোগ করলেন তিনি।
নেতাকর্মীদের সতর্ক করে মন্ত্রী বললেন, ‘সামনে বিএনপিকে কঠিন সময় পার করতে হবে। এ সময় দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
জেলা বিএনপির সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় যোগ দেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
জেলার পাঁচ উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।




